নূর হোসেনের সহযোগী রহম আলী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আলোচিত সেভেন মার্ডার মামলায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আবদুর রহমান ওরফে রহম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তকারী সংস্থা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) মামুনুর রশিদ মন্ডল গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন। 
ওসি জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বুড়িচংয়ের দেবপুর বাজার এলাকা থেকে রহম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি ঢাকার ডেমরা থানার সারুলিয়ায়। বাবার নাম বাহাদুর বিশ্বাস। রহম আলীকে নারায়ণগঞ্জ আনার প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত সিদ্ধিরগঞ্জে নূর হোসেনের যাত্রাপালা ও অশ্লীল নৃত্যগুলো পরিচালনা করতো রহম আলী। সেভেন মার্ডারের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। আর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠা ছয়জনের লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ মে আরও একজনের লাশ পাওয়া যায় নদীতে। অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ৭ খুনের দুটি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৭ জন সদস্যসহ মোট ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৮ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেন। এ ছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দী দিয়েছেন।