বরগুনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে এ রোগে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে মহিলা ও শিশুর সংখ্যাই বেশি।
স্থানীয়রা জানান, সেখানে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এলাকায় পর্যাপ্ত টিউবওয়েল না থাকায় তারা ঘরকন্নার কাজে পুকুর, ডোবা-নালার দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। এ কারণে সেই সাথে অতিরিক্ত গরমের কারণেও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে মানুষ।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরগুনা জেলা হাসপাতালে ৩৩৮ জন, আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৬ জন, বেতাগীতে ১০১ জন, পাথরঘাটায় ১১৮ জন এবং বামনায় ৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিত্সক ডা. মীর মহিউদ্দিন বলেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে ডায়রিয়া রোগ বেড়ে গেছে। এজন্য অপরিচ্ছন্ন নোংরা পরিবেশকেও দায়ী করেন তিনি।