দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালটির আগে বেশ আত্মবিশ্বাসী। যদিও অকল্যান্ডে অনুষ্ঠেয় আজ মঙ্গলবারের শেষ চারের দুই প্রতিপক্ষের কারোরই ফাইনাল খেলার অভিজ্ঞতা নেই। বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ খেলায় চাপের মুখে ভেঙ্গে পড়ার কারণে দক্ষিণ আফ্রিকার জুটেছে ‘চোকার’ খ্যাতি। কিন্তু ডি ভিলিয়ার্স জানান দিয়েছেন এবারের বিশ্বকাপটি তাদের জন্যই। গতকাল সোমবার অকল্যান্ডে তিনি বলেন, ‘আমরা অনেক আত্মবিশ্বাসী। আমি মনে করি সত্যিকারের ভাল সময়ে দলটি সত্যি খুব ভাল অবস্থায় আছে। আমাদের আত্মবিশ্বাসী হওয়ার অনেক কারণ আছে। আমরা যদি আমাদের পূর্ণ সামর্থ্যে খেলতে পারি, তাহলে কেউই আমাদের এ টুর্নামেন্টে থামাতে পারবে না।’
নিউজিল্যান্ডের গ্রীষ্ম মৌসুম শুরুর আগে দক্ষিণ আফ্রিকা সংক্ষিপ্ত এক সিরিজে ২-০ ব্যবধানে স্বাগতিকদের হারায়। নিউজিল্যান্ড অবশ্য এরপর বিশ্বকাপের প্রাক্কালে একটি প্রস্তুতি ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে দেয়। আগের বিশ্বকাপগুলোয় দু’দল ছয়বার মুখোমুখি হয় যাতে নিউজিল্যান্ড ৪-২ জয়ে এগিয়ে। বিশেষ করে শেষ তিনটিতে।
ডি ভিলিয়ার্স অবশ্য এসব পুরনো ব্যাপারে আগ্রহী নন। তিনি বরং ২০১৫ সালের ব্যাপার স্যাপার নিয়েই মাথা ঘামাচ্ছেন। তিনি বলেন,‘আমাদের অতীত নিয়ে অনেক কথা হয়, বিশেষ করে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভাল করতে না পারা সম্পর্কে। আমি অকপটে বলছি- এসবে মোটেও আগ্রহী নই। আমি জানি আমরা যদি খুব ভাল ক্রিকেট খেলতে পারি তাহলে আমরাই জয়ী হবো। ক্রিকেট দল হিসেবে আমরা নিজেদের সামর্থ্যের ব্যাপারে এতটাই আত্মবিশ্বাসী।’
প্রোটিয়া অধিনায়ক জানিয়েছেন নিউজিল্যান্ড দল তাদের খেলা বিশ্লেষণ করছে কিংবা অ্যাডাম মিলনের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া নিয়ে তারা খুব বেশি ভাবছেন না। তিনি বরং নিজেদের প্রতিই বেশি মনোযোগ দিচ্ছেন বলেই উল্লেখ করেন। এ ব্যাপারে তার বক্তব্য-‘তাদের ক্রিকেট খেলা নিয়ে বেশি মনোযোগী হওয়া বাজে ব্যাপার হবে। কেননা তারা সত্যি ভাল খেলছে। সেটা ছাড়াও আমি ব্যক্তিগতভাবে বিপক্ষের প্রতি বেশি মনোযোগ দেয়াটা পছন্দ করি না।’ অকল্যান্ডের ইডেন পার্কে খেলার অভিজ্ঞতা আছে দক্ষিণ আফ্রিকানদের। কেননা এই মাঠেই তারা পাকিস্তানের কাছে বিশ্বকাপের গ্রুপ পর্বের নাটকীয় খেলায় হেরেছিল। সেটা ছিল কম রানের ম্যাচ যাতে ডি ভিলিয়ার্সরা বৃষ্টি আইনের কারণে ৪৭ ওভারে ২৩২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২০২ রানে অলআউট হয়ে যায়। ভেন্যুটির ইতিহাস আছে কম রানের ম্যাচের, আবার আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম দূরত্বের বাউন্ডারিও হাঁকানো যায় এ মাঠেই। এসবই প্রত্যক্ষ অভিজ্ঞতায় জানা প্রোটিয়া অধিনায়কের। তাই তিনি বলেন, ‘ওয়ানডে ক্রিকেটে এ মাঠে ২৩০ রানের বেশি কখনো তাড়া করা গেছে। কাজেই সেমিফাইনালে উঠে ব্যাপারগুলো জানা এবং কিভাবে সামাল দিতে হবে তা ঠিক করা, আগাম কয়েক উইকেট খুইয়েও আতংকিত না হওয়া খারাপ কিছু নয়।’
দক্ষিণ আফ্রিকা পুরোপুরি ফিট একটা স্কোয়াড ঘোষণা করেছে। এর মধ্যে ভারনন ফিল্যান্ডার নেট অনুশীলনে অনায়াসে দৌড়িয়েছেন। তাকে দেখে ইনজুরির কারণে তার বিশ্বকাপ ম্যাচ সংখ্যা কমে যাওয়াটা বোঝা যায়নি। ডি ভিলিয়ার্স অবশ্য একাদশ চূড়ান্ত হয়নি বলেই জানান। সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কাকে নয় উইকেটে হারানো দলটি বদলে কাইল অ্যাবোটের জায়গায় ফিল্যান্ডারকেও দেখা যেতে পারে।