শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারীবাগের ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করতে হবে। এ ক্ষেত্রে সরকার কোনো অজুহাত মানতে রাজি নয়। রাজনৈতিক সহিংসতার মধ্যে ট্যানারি মালিকরা ব্যবসা চালিয়ে যেতে পারলে, ট্যানারি স্থানান্তরের ক্ষেত্রে সহিংসতার অজুহাত অগ্রহণযোগ্য বলে তিনি মন্তব্য করেন। গতকাল জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির (ইসিএনসিআইডি) সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় তৃণমূল পর্যায়ে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক অবদানের কথা বিবেচনা করে আগরকে ক্ষুদ্র শিল্প হিসাবে ঘোষণা করা হয়েছে। এর ফলে এ শিল্পে কর্মরত প্রায় ৩০ হাজার শ্রমিক ও সাড়ে তিনশ’ কারখানা মালিকরা শিল্পখাতে সরকার প্রদত্ত বিভিন্ন সুবিধাদি পাবেন। সভায় সভাপতিত্বকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল এ ঘোষণা দেন।
সভায় জানানো হয়, জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ২৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যে জাতীয় শিল্পনীতি-২০১৫ প্রণয়নের কাজ চলছে। ইতিমধ্যে এর খসড়া তৈরি করে বিভিন্ন মন্ত্রণালয় থেকে মতামত চাওয়া হয়েছে। চলতি বছর এপ্রিলের মধ্যে এর খসড়া চূড়ান্ত করা হবে। সভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে অর্থায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশের প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের এসএমই পুনঃঅর্থায়ন তহবিলের একটি অংশ এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দের সুপারিশ করা হয়। একই সাথে যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অধিক সুদে (শতকরা ১৬ থেকে ১৭ টাকা হারে) ঋণ দিচ্ছে, তাদের অনুকূলে এসএমই পুনঃঅর্থায়ন তহবিলের বরাদ্দ না দেয়ার সুপারিশ করা হয়।