ফরিদগঞ্জের মহিলা মার্কেটের ২টি পরিত্যক্ত ও একটি বেদখলে

 
মহিলা উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ফরিদগঞ্জে উপজেলা প্রকৌশল দপ্তর কর্তৃক আরটিআইপি-২৬ প্রকল্পের  আওতায় নির্মিত হয় ৩টি মহিলা মার্কেট। সরকার নারীদের হাতের তৈরি কুিঁটর শিল্পের পণ্যসামগ্রী নারীদের দ্বারা বিপণন ও প্রদর্শন করার জন্যই  এ প্রকল্প হাতে নেয়।
অথচ এক যুগ পার হলেও মার্কেটগুলোর দায়িত্বে নিয়োজিত দপ্তরের উদাসীনতার কারণে ২টি মার্কেট পরিত্যক্ত আর একটি বেদখলে রয়েছে। পৌর এলাকার মহিলা মার্কেটটি চলতি বছর পৌর মেয়র মো. মঞ্জিল হোসেন অংশ বিশেষ ভেঙ্গে গোশত বাজারে পরিণত করতে ফেলে রাখা হয়্।
এ বিষয়ে পৌর মেয়র সত্যতা স্বীকার করেন। অপরদিকে রূপসা বাজারের মার্কেটটি প্রভাবশালী মহল ভাড়া দিয়ে চলছে। এছাড়া পুরান রামপুরের মার্কেটটি সুবিধাজনক অবস্থানে না হওয়ায় সেটিও পরিত্যক্ত রয়েছে।
উপজেলা প্রকৌশল দপ্তরের সিও মো. জহির বলেন, মার্কেটগুলো নির্মাণের সন তারিখ ও ব্যয় বরাদ্দ জানা নেই। বেদখল প্রশ্নে জানতে চাইলে বলেন, বর্তমানে যারা অবস্থানে রয়েছেন তাদের কাগজপত্র দেখাতে বলা হলেছে।
উপজেলা প্রকৌশলী মো. জিয়াউল ইসলাম মজুমদার জানান, সম্ভবত ২০০৩/৪ইং অর্থ বছরে নির্মাণ করা হয়েছে। তবে ফাইল পাওয়া যায়নি বিধায় নির্মাণ ব্যয়ের পরিমাণ বলা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, আমি অচিরেই মার্কেটগুলোর দায়িত্বে নিয়োজিত দপ্তরকে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলবো।