বর্তমানে এফডিসি কেন্দ্রিক ছবির নায়কদের কথা বলা হলে সবার আগে যে দু’জনের নাম আসে তারা হলেন শাকিব খান এবং জায়েদ খান। শাকিব দীর্ঘ সময় ধরে ঢাকাই চলচ্চিত্রে নেতৃত্ব দিচ্ছেন। জায়েদ খানও পাড়ি দিয়ে ফেলেছেন অনেকটা পথ। কিন্তু এখন পর্যন্ত এই দুই খানকে একত্রে দেখা যায়নি রূপালি পর্দায়। ‘রাজনীতি’ ছবির মাধ্যমে এই দুই খানকে এক ফ্রেমে নিয়ে আসছেন পরিচালক বুলবুল বিশ্বাস। তবে ছবিটিতে মূল নায়ক কে এই প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘শাকিব ভাইয়ের সাথে কাজের ইচ্ছা বহুদিনের। কিন্তু ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠেনি। এই ছবিতে আমরা দু’জনই মূল নায়ক। আমি শাকিবের সাইড হিরো নই।’ ছবিটির মহরত অনুষ্ঠিত হবে ১০ এপ্রিল নেপালে। সেখানে কিছু গানের শুটিং শেষে ছবির বাকি অংশের কাজ দেশেই হবে। জায়েদ জানিয়েছেন, ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে এই ছবিটি অ্যাকশন ধাঁচের। কিন্তু কাকে ঘিরে এই ত্রিমুখী প্রেম আবর্তিত হবে তা এখনও নিশ্চিত হয়নি। জায়েদ খান বর্তমানে কাজ করছেন ‘তোমার প্রেমে পড়েছি’, ‘লাভ ইন মালয়েশিয়া’, ‘মিশন সিক্স’ এবং ‘মিশন সিআইডি’ ছবিগুলোতে।