চট্টগ্রামে ১৮ দিনেও সন্ধান মেলেনি গার্মেন্টস কর্মী রিয়াজের

 
চট্টগ্রামে গত ১৮ দিনেও সন্ধান পাওয়া যায়নি অপহূত গার্মেন্টস কর্মী মহিবুল হোসেন রিয়াজের (১৮)। রিয়াজ নগরীর ইপিজেড থানার জিএমএস গার্মেন্টসে চাকরি করেন।
সে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানার গোলবুনিয়া গ্রামের আবদুল লতিফের ছেলে। সে গত ৪ মার্চ গার্মেন্টস থেকে বের হওয়ার পর আর মেসে ফিরেনি। দুইদিন পর অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি রিয়াজের ছোট বোন লিজার মোবাইলে ফোন করে বলে- রিয়াজ তাদের কাছে রয়েছে। ৫ লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে।
এ ঘটনায় ৯ মার্চ রিয়াজের বড় ভাই মো. মিজানুর রহমান বাদি হয়ে ইপিজেড থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। একইদিন বিষয়টি র্যাবকেও অবহিত করা হয়। তবে মামলা দায়েরের ১৩ দিনেও পুলিশ অপহরণ রহস্যের কূল-কিনারা করতে পারেনি।
র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ জানান, রিয়াজ নামে এক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। তাকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে।