নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগী রহম আলীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রহম সাত খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন।
মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।
শুনানি শেষে বিচারক চাঁদনী রূপম সাত দিনের হেফাজত মঞ্জুর করেন বলে এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কে এম ফজলুরর রহমান জানান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম গত বছরের ২৭ এপ্রিল অপহৃত হন। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।