ঢাকা সিটি করপোরেশন নির্বাচন-

দল চাইলে প্রার্থী হবেন খোকা

আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি অংশ নেবে কীনা তা নির্ভর করছে দলটির নীতি নির্ধারকদের ওপর। তবে দল সিদ্ধান্ত নিলে নির্বাচনে প্রার্থী হতে আপত্তি নেই বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সাদের হোসেন খোকার। দল অংশ নিলে এবং নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি জয়লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আন্দোলন ভিন্নদিকে নিতে সরকার এই মুহূর্তে ঢাকা সিটি করপোরেশন দিয়েছে বলে অভিযোগ করেন সাদেক হোসেন খোকা। 
স্থানীয় সময় সোমবার বিকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খোকা। 
বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহউদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাদেক হোসেন খোকা। প্রায় এক বছর ধরে চিকিৎসার কারণ দেখিয়ে সপরিবারে নিউইয়র্কে অবস্থান করছেন তিনি। 
এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা বলেন, শারীরিক অসুস্থতার কারণে ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে তিনি প্রার্থী হতে চান না। তবে দল যদি অংশ নেয় এবং তাকেই মনোনয়ন দেয়, তাহলে দলের সিদ্ধান্তে দেশে ফিরে যাবেন বলে জানান ঢাকার সাবেক এই মেয়র। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদেক হোসেন খোকা অভিযোগ করেন, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে সরকারি বাহিনী তুলে নিয়ে গেছে। এ নিয়ে কোনো সন্দেহ বা সংশয়ের অবকাশ নেই। তারপরও সরকার মিথ্যাচার করে যাচ্ছে। সালাহউদ্দিন আহমেদকে নিয়ে প্রধানমন্ত্রী যে উক্তি করেছেন তাতে সরকারের আসল চেহারা বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
সাদেক হোসেন খোকা আরো বলেন, আন্তর্জাতিক আইনে মানবতাবিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত গুম বা নিরুদ্দেশ করে দেয়ার ঘটনা ক্রমবর্ধমান সংখ্যায় ঘটিয়ে বর্তমান সরকার একদিকে আন্তর্জাাতিক অঙ্গণ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে ফেলেছে, অন্যদিকে দেশের মানুষের মনে সীমাহীন আতংক ও ভীতি ছড়িয়ে চলমান আন্দোলনকে ব্যর্থ করার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। কিন্তু আমার বিশ্বাস, বর্তমান সরকারের সকল কৌশলকে ব্যর্থ করে দিয়ে জনগণের এই ন্যায়সঙ্গত আন্দোলন অচিরেই সফল হবে এবং এই শাসকগোষ্ঠি পালিয়ে বাঁচার পথও খুঁজে পাবে না। 
সংবাদ সম্মেলনে তিনি সালাউদ্দিন আহমদকে অবিলম্বে তার পরিবারের কাছে সুস্থভাবে ফেরত দেয়ার দাবি জানান। তা না হলে এর সঙ্গে যারা জড়িত আগামীতে তাদের প্রত্যেকেই বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন খোকা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, শরাফাত হোসেন বাবু, মঞ্জুর আহমদ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, জসিম ভূঁইয়া, মিল্টন ভূঁইয়া, ফারুক মজুমদার, অলিউল্লাহ আতিকুর রহমান, সেলিম রেজা, যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, ছাত্রদল নেতা আতাউর রহমান আতা প্রমুখ। 
উল্লেখ্য, দুর্নীতির মামলায় সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সর্বশেষ মাহমুদুর রহমান মান্নার সঙ্গে টেলিফোন সংলাপের ঘটনায় তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা।