রাজনীতিতে হরতাল ও অবরোধ আন্দোলনের একটি বড় অস্ত্র। কিন্তু মাসের পর মাস অর্থহীন হরতাল দিয়ে সে অস্ত্রকে ভোতা করে দিয়েছে বিএনপি। বিএনপিকে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘তারা যে সংলাপের কথা বলেছিল। সেটি সম্ভব নয়। কারণ জঙ্গি বা নাশকতাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না। যারা দেশকে পাকিস্তান বানাতে চায় তাদের সঙ্গে আলোচনা নয়।’ বিএনপি’কে নাশকতা ছেড়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাজধানীর যমুনার ফিউচার পার্কে তিন দিনব্যাপী বাংলাদেশ ফার্নিচার এন্ড ইন্টেরিয়র ডেকর এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, স্বাধীনতা বিরোধীরা এ অগ্রযাত্রাকে বাধা দিচ্ছে। মাসের পর মাস হরতাল দিয়ে যাচ্ছে। কোনো লাভ নেই। আন্দোলনের এ মূল অস্ত্রকে বিএনপি ভোতা করে দিয়েছে। এখন রাজধানীতে তীব্র যানজট। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজটের কথাও শোনা যায়।’