টানা আট বছর বন্ধ থাকার পর আগামী ৬ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচল আবারও শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে রাজশাহীর শাহ্ মখদুম (রহ:) বিমান বন্দরের টার্মিনাল ও ফাইবার ফার্নিচার স্থাপন, সীমানা প্রাচীর সমপ্রসারণ, পেট্রোল সড়ক ও রানওয়ে সংস্কারসহ সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
রাজশাহী শাহ্ মখদুম (রহ:) বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, উদ্বোধনের দিন থেকে সপ্তাহে তিনদিন (রবি, মঙ্গল ও শুক্রবার) রাজশাহী-ঢাকা রুটে যাত্রী পরিবহণ করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত দিন বেলা ২টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইট রাজধানী ঢাকা ছাড়বে, রাজশাহী পৌঁছাবে বিকেল তিনটায়। আবার ফিরতি ফ্লাইট দুপুর সোয়া তিনটায় রাজশাহী ছেড়ে বিকেল চারটায় ঢাকা পৌঁছাবে। অভ্যন্তরীণ এই রুটে বিদেশি যাত্রীরা সহজেই আকাশ পথে সংযুক্ত হতে পারবেন।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এবং বিকেলে কাটাখালির জুটমিল হাইস্কুল মাঠে ১৪ দল আয়োজিত এক বিশাল জনসভায় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ এপ্রিল রাজশাহী-ঢাকা রুটে আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট আনুষ্ঠানিক চালু হবে।
প্রসঙ্গত, ২০০৬ সালের মাঝামাঝি সময় পর্যন্ত রাজশাহীর শাহ্্ মখদুম (রহ:) বিমানবন্দর লাভজনক অবস্থানে ছিল। এরপর ধীরে ধীরে নানা কারণে বিমানের যাত্রী কমতে থাকে। কমতে থাকে মালামাল বুকিংয়ের পরিমাণও। এসব কারণে ২০০৭ সালে কর্তৃপক্ষ এই রুটে বিমান চলাচল বন্ধ ঘোষণা করে। ২০১০ সালে বিমান বন্দরটিতে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৈমানিক প্রশিক্ষণ দেয়া শুরু করে।