শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে মঙ্গলবার তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার জিওফ কিউএম ডয়েজ সাক্ষাত্ করেন। বৈঠককালে মন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে ইউরিয়া ও সুগারবিট আমদানির প্রস্তাব দেন।
বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক আমদানি করছে। এ সব পণ্য আরো বেশি করে আমদানি করা হবে।’
আমির হোসেন আমু বলেন, ‘দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জি টু জি) ইউরিয়া সার আমদানির সম্ভাব্যতা শিল্প মন্ত্রণালয় যাচাই করে দেখবে। প্রস্তাবটি বাংলাদেশের অনুকূলে হলে, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।’
আমু বলেন, ‘রাষ্ট্রায়ত্ত একটি চিনিকলে পরীক্ষামূলকভাবে সুগারবিট থেকে চিনি উত্পাদনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি সফল হলে, সকল চিনিকলেই সুগারবিট থেকে চিনি উত্পাদন করা হবে। এ ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা থেকে সুগারবিট আমদানির প্রস্তাব বিবেচনা করা হবে।’