আলোচনা সভায় বক্তারা

বোমাবাজি বন্ধ করে সিটি নির্বাচনে আসুন

বোমাবাজি বন্ধ করে সিটি নির্বাচনে আসুন। সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ বুঝবে আপনারা (বিএনপি) সন্ত্রাসের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসছেন।
 
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গিবাদ ও সামপ্রদায়িকতা’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল)।
 
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ এবং কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান।
 
শরীফ নূরুল আম্বিয়া বিএনপির উদ্দেশে বলেন, বোমাবাজি বন্ধ করে সিটি নির্বাচনে আসুন। সিটি নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণ বুঝবে আপনারা সন্ত্রাসের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসছেন ।
 
ড. আব্দুস সোবহান গোলাপ বলেন, গত এক বছরে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এতো উন্নয়ন এক বছরে বিশ্বের কোনো দেশ করতে পারেনি। তিনি বলেন, গণতন্ত্রের স্বার্থে উপযুক্ত ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।
ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে রুখে দেয়ার জন্য কিছু অশুভ শক্তি এদেশের স্বাধীনতাকে বিপন্ন করতে চাচ্ছে। বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। কিন্তু বাংলার মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের চেতনায় বিশ্বাসী মানুষ তা কোনো দিন হতে দেবে না।
 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসতে পারেননি।
 
সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত্ হোসেন, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান খান বাবু, সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য ধীরেন সিংহ, বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খান, সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা, এম. গণি প্রমুখ।