হরতাল থেকে সরে এলো বিএনপি

 
স্বাধীনতা দিবসকে সামনে রেখে হরতাল থেকে সরে দাঁড়াল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এবার হরতাল না বাড়িয়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামীকাল বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ২০ দল।
 
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু এ কমসূচি ঘোষণা দেন। এ সময় তিনি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানান। বিবৃতিতে তিনি বলেন, ‘সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিএনপি’র গুমকৃত যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে ২০ দলীয় জোটের সকল গুমকৃত নেতা-কর্মীদেরকে তাদের পরিবারের নিকট সুস্থ অবস্থায় ফিরিয়ে দেয়া এবং সারাদেশে গুম, খুন, বন্দুক যুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ণ বন্ধের’ দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আজ বুধবার দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।  এছাড়া ২৬ মার্চ  বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভুত সকল শরীক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বত:স্ফুর্তভাবে পালনের জন্য অনুরোধ করছি।