অস্ট্রেলিয়ার সাবেক তারকা ফাস্ট বোলার ব্রেট লি’র বিশ্বাস স্বাগতিক দলের ভাল ভারসাম্যের কারণেই আগামী বৃহস্পতিবার বিশ্বকাপের সেমিফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেবে।
ব্রেট লি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় ফাইনাল নিশ্চিতের এই লড়াইয়ে অজিদের পরামর্শ দিয়ে বলেন, ‘সত্যিকার অর্থে আমি মনে করি বৃহস্পতিবার অস্ট্রেলিয়াই জিতবে। আমার মনে হয় তারা দলে সঠিক ভারসাম্য পেয়েছে।’
ব্রেট লি বলেন, ‘অস্ট্রেলিয়া দলের ব্যাটিংয়ে উপরের দিকে রয়েছে ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ; স্টিভেন স্মিথ, মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসন ব্যাটিং লাইন-আপের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে নিজেদের ভালো মানিয়ে নিতে পেরেছে। আমি মনে করি এই বিষয়টাই দলে ভারসাম্য এনেছে। আর এটাই তাদের দ্রুত এগিয়ে যাওয়ার রাস্তা তৈরী করেছে।’