লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায়ের হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক ফারসীম মান্নান মোহাম্মাদীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ডিএমপি’র যুগ্ম-কমিশনার (ডিবি) মনিরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের আগে ফারসীম মান্নানের সঙ্গে একটি বৈঠকে অংশ নিয়েছিলেন অভিজিৎ রায়। এ ব্যাপারে অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় এ বৈঠকটি সন্দেহজনক উল্লেখ করে ফারসীম মান্নান মোহাম্মদীর ভূমিকা খতিয়ে দেখতে গোয়েন্দাদের অনুরোধ জানান। এ বিষয়ে জানতেই তাকে ডিবিতে ডাকা হয়।
ডিএমপি’র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদ করতে তাকে ডাকা হলে তিনি ডিবি কার্যালয়ে আসেন। এরপর ডিবি কর্মকর্তারা তাকে ৩ ঘণ্টা ব্যাপী অভিজিৎ হত্যা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান। ঘটনার দিন তার সঙ্গে অভিজিতের কি কথা হয়েছে। বই মেলার বৈঠকে কে কে ছিলেন। সেখানে কি আলোচনা হয়েছে। অভিজিতের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিলো সে বিষয়ে ডিবি পুলিশকে জানিয়েছেন ফারসীম মান্নান। পরে সন্ধ্যা ৬টার দিকে তিনি ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান। তদন্তের প্রয়োজনে তাকে পুনরায় ডাকা হলে তিনি ডিবি কার্যালয়ে আসবেন বলে লিখিত দিয়েছেন।
প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে দুর্বৃত্তরা অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে। একই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।