উইমেন ইন পার্লামেন্টস পদক পেল বাংলাদেশ


রাজনীতিতে লৈঙ্গিক বৈষম্য কমিয়ে আনার জন্য আন্তর্জাতিক সংস্থা ‘উইমেন ইন পার্লামেন্টস (ডব্লিউআইপি) গ্লোবাল ফোরাম’ এর সম্মানসূচক ‘ডব্লিউআইপি ২০১৫’ পদক পেয়েছে বাংলাদেশ। রাজনীতিতে নারীর ক্ষমতায়নের জন্য ‘দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া’ আঞ্চলিক বিভাগে এ পদক জিতেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক গবেষণায় বলা হয়, বিশ্বে রাজনৈতিক ক্ষেত্রে লৈঙ্গিক বৈষম্য কমিয়েছে এমন শীর্ষ দশটি দেশের অন্যতম হলো বাংলাদেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট’ এর র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ দেশগুলোকে ডব্লিউআইপি-২০১৫ পদক প্রদান করা হয়েছে। পদকটি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতনের শিকার দুই লাখ বীরাঙ্গনা ও দক্ষিণ এশিয়ার নারী রাজনীতিকদের প্রতি উত্সর্গ করেছেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। একইসঙ্গে ২০১৫ সাল পরবর্তী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারীর ক্ষমতায়নকে হাতিয়ার হিসেবে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি। বাংলাদেশে লৈঙ্গিক সমতা ও নারীর ওপর নির্যাতন প্রতিরোধে সরকারের অঙ্গীকারের কথাও অনুষ্ঠানে পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।