বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, ‘আমি দালাল মুক্ত থানা গড়তে চাই। সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে ভয় পায়। তখন তারা ওই দালালদের কাছে যায়। দালালরা সাধারণ মানুষদের কাছ থেকে টাকা নেয়। দালালরা কিছু নেয় হয়তো পুলিশকে কিছু দেয়। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমি এই পরিস্থিতির পরিবর্তন করতে চাই।’
মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে জেলা কমিউনিটি পুলিশের সমন্বয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পুলিশ সদস্যদের জন্য ৬ তলা বিশিষ্ট ভবনের ব্যারাক উদ্বোধন করেন।
সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন সংসদ সদস্য সেলিম ওসমান, সংসদ সদস্য শামীম ওসমান, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রমুখ।
আইজিপি আরও বলেন, বাংলাদেশে পুলিশ সদস্যদের মধ্যে এমন কোন সদস্য নেই যারা ১৮ ঘণ্টা ডিউটি করে না। তবুও সাধারণ মানুষের মাঝে পুলিশকে নিয়ে বিরূপ মনোভাব রয়েছে।