হাউথি শিয়া বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে তাদের পরিচালিত সামরিক অভিযানে সমর্থন দিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি। এ সময় দেশটির ‘বৈধ কর্তৃপক্ষকে’ অতিসত্ত্বর সমর্থন দেয়ারও অনুরোধ করেন তিনি। গত মঙ্গলবার জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে হাদি এ কথা বলেন। খবর বিবিসির।
এ দিন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ-র সমর্থিত বিদ্রোহী এবং সেনারা প্রাদেশিক রাজধানী ঢালিয়া ও লোহিত সাগর বন্দর এলাকা মুখায় প্রবেশ করার কয়েক ঘণ্টা পর জাতিসংঘকে এ চিঠি পাঠান প্রেসিডেন্ট হাদি। চিঠিতে প্রেসিডেন্ট বলেন—শান্তি বজায় রাখতে আমাদের সকল প্রচেষ্টা হাউথিরা পণ্ড করে দিচ্ছে। তারা তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। তাই দেশকে রক্ষা এবং হাউথিদের সহিংসতা দমন করতে প্রকৃত অর্থেই বৈধ সরকারকে সমর্থন দিয়ে সহায়তা করার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া, দেশে সামরিক হস্তক্ষেপ চালাতে এরই মধ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং আরব লিগকে অনুরোধ জানিয়েছেন হাদি।
এ দিকে, গত জানুয়ারিতে দেশটির রাজধানী সানা দখলের পর হাউথিরা মধ্যাঞ্চল, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়েছে। এ ছাড়া, স্থানীয় সময় মঙ্গলবার তারা আরো দুটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে। বিদ্রোহীদের এ অগ্রযাত্রার ফলে এ অঞ্চলে দুই প্রতিপক্ষ ইরান ও সৌদি আরব সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন—সৌদি আরব এরই মধ্যে তার ভারী সামরিক অস্ত্রশস্ত্র ইয়েমেন সীমান্তের কাছে নিয়ে রেখেছে। গত মাসে প্রেসিডেন্ট রাজধানী সানা থেকে পালিয়ে দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে আশ্রয় নেন।