আসন্ন তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এমন আশা প্রকাশ করে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপির নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ের অনেক বড় সুযোগ। বেগম জিয়া ও তারেক রহমানের একক সিদ্ধান্তে ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি হিমালয়সম যে ভুল করেছে আশা করি সিটি কর্পোরেশন নির্বাচনে তার পুনরাবৃত্তি হবে না।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত “স্বাধীনতা ও জাতীয় দিবস” এবং চলমান রাজনীতি নিয়ে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ কথা বলেন।
নির্বাচন সরকার নয় স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুস্থিত হয় এমন মন্তব্য করে ড.হাছান মাহমুদ বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে যে কারো জয়লাভের সুযোগ রয়েছে। ইতিমধ্যে এই কমিশনের অধীনে বিভিন্ন স্থানীয় নির্বাচনে বিএনপি সমর্থিত অনেক প্রার্থী জয়লাভ করেছে। বিএনপির নির্বাচনে না এলে ও বিএনপির অনেকই ব্যক্তিগতভাবে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিবে।
বিএনপি এখন আট-পায়ে হিংস্র জন্তুতে পরিণত হয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন,তাদের চার পা দেশে অপর চার পা লন্ডনে তাই বিএনপি এখন চলছে খুড়িয়ে খুড়িয়ে। বিএনপি নিজেদের ভুলের খেসারত জনগণের উপরে চাপাতে চেয়েছিল। আন্দোলনের নামে হরতাল অবরোধ দিয়ে, পুড়িয়ে মানুষ হত্যা করে বিএনপি এখন জনবিচ্ছন্ন জঙ্গি দলে পরিণত হয়েছে।
স্বাধীনতা পরিষদের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আলোচনায় আরো অংশগ্রহণ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, হাসিবুর রহমান মানিক, হেদায়তুল ইসলাম স্বপন, এমএ করিম প্রমুখ।