স্বতন্ত্র সংসদ সদস্য ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের পদত্যাগপত্র গ্রহণ করেননি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার দুপুর ১টায় এ নিয়ে হাজী সেলিম তার ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমি আসন্ন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ এর মেয়র পদে অংশ গ্রহণের লক্ষে গত মঙ্গলবার সংসদে পদত্যাগপত্র দাখিল করি, কিন্তু মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগপত্রটি গ্রহণ করেননি।
সূত্র জানায়, মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ অধিবেশন শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা হাজী সেলিমকে সিটি নির্বাচনে অংশ না নিতে বলেন। ওই সময় সংসদ থেকে পদত্যাগ করতে স্পিকারের কাছে পদত্যাগপত্র নিয়ে যান হাজী সেলিম। স্পিকারও পদত্যাগপত্র গ্রহণ করেননি। বরং তাকে সিটি নির্বাচনে অংশ না নেয়ার পরামর্শ দিয়েছেন।