বাংলাদেশে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যের পার্লামেন্ট। একইসঙ্গে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং বাক-স্বাধীনতা নিশ্চিত করার আহবান জানিয়েছে দেশটির এমপিরা।
সোমবার দেশটির পার্লামেন্ট হাউস অব কমনস এ কার্যবিধি ‘আর্লি ডে মোশন’-এর মাধ্যমে দেশটির ১০ জন এমপি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশের ওপর চাপ দেয়ার আহ্বান জানান। পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
আর্লি ডে মোশনে বাংলাদেশে সম্প্রতি নিখোঁজ হওয়া বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ, ২০১২ সালে নিখোঁজ হওয়া বিএনপি নেতা সিলেটের ইলিয়াস আলীর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়। একইসঙ্গে হিউম্যান রাইটস ওয়াচকে (এইচআরডব্লিউ) উদ্ধৃত করে বলা হয়, গুম হওয়া বিরোধীদলীয় নেতাকর্মীদের বিষয়ে তদন্তে বাংলাদেশ সরকারের ব্যর্থতার ইতিহাস রয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। বিশেষভাবে র্যাবের বিরুদ্ধে এ অভিযোগ বেশি।
বাংলাদেশে আসন্ন নির্বাচনটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশের ওপর চাপ দেয়ার জন্য যুক্তরাজ্য সরকারকে এমপিদের পক্ষ থেকে বলা হয়েছে।
বাংলাদেশ সংক্রান্ত ওই ‘আর্লি ডে মোশন’-এ স্বাক্ষর করেন কনজারভেটিভ পার্টির বব ব্ল্যাকম্যান ও পিটার বটমলি, সোশ্যাল ডেমোক্রেটিক অ্যান্ড লেবার পার্টির মার্ক ডুর্কান, রেসপেক্ট পার্টির জর্জ গ্যালাওয়ে, লিবারেল ডেমোক্র্যাটসের জুলিয়ান হুপার্ট ও বব রাসেল , লেবার পার্টির জন ম্যাকডোনেল ও লিজ ম্যাকইনজ, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির জিম শ্যানন এবং স্বতন্ত্র সদস্য মাইক হ্যানকক।