প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জঙ্গি সংগঠনের অপতৎপরতা দমনে এলিট ফোর্স র্যাব দেশের জনগণের শান্তি, নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।
আগামীকাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ আমার অহংকার’ এ মূলমন্ত্রে উজ্জীবিত র্যাব সদস্যগণ তাদের পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ আইনের শাসন প্রতিষ্ঠায় তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে।
জঙ্গি ও সন্ত্রাস দমন, অপহরণ, ভেজাল বিরোধী অভিযান, অবৈধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাবের সাফল্য সর্বজনস্বীকৃত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আশা করি, এলিট ফোর্স র্যাবের প্রতিটি সদস্য সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতারোধে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করবেন।
শান্তিপ্রিয় বাংলাদেশ বিশ্ববাসীর উন্নয়নের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে তাঁর সরকার আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলায় এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে সরকারের গৃহীত ‘রূপকল্প ২০২১’ ও ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নেও এই ফোর্সের সদস্যরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং র্যাব ফোর্সেস-এর অব্যাহত অগ্রগতি এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। খবর বাসস।