ড্যানিয়েল ভেট্টরি সম্ভবত নিজ মাঠে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন স্বীকার করে বুধবার ব্রেন্ডন ম্যাককালাম বলেছেন, বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে বর্ষীয়ান এ তারকাকে (ভেট্টরি) বিদায় জানাতে চায় নিউজিল্যান্ড।
মঙ্গলবার অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সেমিফাইনালে এক বল বাকি থাকতে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের টিকেট পায় নিউজিল্যান্ড। এ সময় ব্যাট হাতে মাঠে ছিলেন ভেট্টরি।
চার উইকেটে জয় পাওয়া এ ম্যাচে শেষ মুহুর্তে গুরুত্বপুর্ন একটি বাউন্ডারি হাকানো ৩৬ বছর বয়সী ভেট্টরি নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন। তবে ম্যাককালাম বলেন, ‘খুব সম্ভবত নিউজিল্যান্ডের মাটিতে এটাই ছিল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।’ সাংবাদিকদের ম্যাককালাম বলেন, ‘গত রাতে শেষ বার এখানে তার সঙ্গে মাঠে নামা, যে স্মৃতি তিনি কখনোই ভুলবেন না।’
‘আমাদের আর মাত্র একটি ম্যাচে জয় পেতে হবে, আশা করছি আরো বড়ভাবে আমরা তাকে বিদায় দিতে পারব এবং এরপর বিয়ারে চুমুক দিতে সক্ষম হবো।’