দুঃশাসন দীর্ঘায়িত করার অপচেষ্টা চলছে : খালেদা জিয়া

 
 
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশ থেকে গণতন্ত্র নির্বাসিত। ভোটাধিকারসহ প্রায় সকল সাংবিধানিক ও মৌলিক অধিকার হারিয়েছেন দেশবাসী। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, অপহরণ, নির্যাতন, পাইকারী গ্রেফতার অবাধে চলছে। সারাদেশ যেন এক উপদ্রুত জনপদ। স্বজনহারা মানুষের করুণ কান্নায় বাতাস ভারী হয়ে আছে। মানুষের কোনো নিরাপত্তা নেই, অধিকার নেই,স্বাধীনতা নেই। সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, অপশাসন, উত্পীড়নে আজ সকল সুবচন নির্বাসিত। যুক্তির বদলে অবাধ মিথ্যাচার এবং সমঝোতার বদলে জবরদস্তির মাধ্যমে দুঃশাসনকে দীর্ঘায়িত করার অপচেষ্টা চলছে।
 
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে বেগম খালেদা জিয়া আরো বলেন, বর্বরতা ও উত্পীড়ন মুক্ত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে এনে মানুষের লুণ্ঠিত অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক ও সৌহার্দ্যময় বাংলাদেশ গড়ে তোলাই হবে এবারের স্বাধীনতা ও জাতীয় দিবসের অঙ্গীকার। সেই লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে সাহসী সংগ্রাম রচনার মাধ্যমে বিজয়কে ত্বরান্বিত করাই হোক আজকের দিনের শপথ।