বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ-হরতালে ক্লাসসহ নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ৮৪ দিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিজস্ব পরিবহন ব্যবস্থা বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে ১৫ হাজার মানুষের দুর্ভোগ চরমে।
পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর শহর ও পার্শ্ববর্তী এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করেছে। এরপর শীতকালীন ছুটি শেষে চলমান অবরোধ-হরতালের কারণে ৮৪ দিন আর বাস চলেনি। শিক্ষার্থীরা জানান, চলমান রাজনৈতিক অস্থিরতায় জানুয়ারিতে কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। গত ৩ ফেব্রুয়ারি ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়। এরপর অন্যান্য বর্ষের ক্লাস পরীক্ষা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তে সকল বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক হয়। তবে ক্লাস-পরীক্ষা চালু হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চলাচল না করায় সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মোঃ সাইয়েদুজ্জামান বলেন,অবরোধ-হরতালে ক্লাস পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস চালানোর সিদ্ধান্ত হয়নি। নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।