সত্য ঘটনা অবলম্বনে ‘শুক্লপক্ষের আহ্বান’

খুলনা জেলার চুকনগরের একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে স্বাধীনতা দিবসের নাটক ‘শুক্লপক্ষের আহ্বান’। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো, অর্পণা, আবদুল্লাহ রানা, ওবায়েদ প্রমুখ। নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে।

নাটকে দেখা যাবে, ১৯৯০ সালে বাংলাদেশের একটি গ্রামের চিত্র। আর দশটি গ্রামের মতো এই গ্রামেরই এক প্রেমিক যুগল লতা আর সুজন। লতা গ্রামের অবস্থাসম্পন্ন গৃহস্থ জমির মুন্সির একমাত্র কন্যা। জমির মুন্সি কন্যার যত্নে কোনো খুঁত রাখেননি। মেয়ে যেমন সুন্দর তেমন তার পড়ালেখা, আদব কায়দা। মেয়ে কী সুন্দর সুর করে কোরআন শরীফ পড়ে জমির মুন্সির মন ভরে যায়। আর সুজন এলাকার উত্তর পাড়ার প্রভাবশালী মিঞা বাড়ির ডিগ্রি পাস ছেলে। সুজন আর লতার এই মিষ্টি প্রেমের গল্প গ্রামের সবার জানা। আহা কি চমত্কার প্রেম, যেন চণ্ডীদাস-রজকিনী, শিরি-ফরহাদ। কিন্তু আর কতদিন চলবে এ প্রেম। প্রেমের তো পরিণতি হওয়া দরকার। সুজনের মায়ের খুব পছন্দ লতাকে। পরিবারের সবাই অনেক আগেই লতাকে মেনেই নিয়েছে। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনি।