পুলিশের ভুলের কারণে ১৪ দিন কারাভোগ করতে হয়েছে আদিতমারী নিরপরাধ এক শ্রমিকের। সুভাষ চন্দ্র বর্মন নামে ঐ শ্রমিকের বাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সত্যমঙ্গল কোর্ট গ্রামে। গত ৪ মার্চ পুলিশ বিদ্যুত্ বিল বকেয়া রাখার মামলায় শ্রমিককে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠায়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একমাত্র কোর্ট রাজধানী ঢাকার নীলক্ষেতে গত ১২ মার্চ ধৃত শ্রমিক সুভাষকে নির্দোষ বলে মুক্তি দেয়। পরে গত ১৪ মার্চ লালমনিরজাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। মিথ্যা এই মামলা থেকে রেহাই পেতে ক্ষতিগ্রস্ত পরিবারটি তাদের একমাত্র সম্বল ৩ শতাংশ জমি ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেয়। এদিকে পুলিশ অথবা আরইবি’র ভুলের কারণে ক্ষতিগ্রস্ত নিরপরাধ সুভাষ চন্দ্রের ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে ওই গ্রামে লোকজন মানববন্ধন করেন।
এ ব্যাপারে আদিতমারী থানার ওসি (তদন্ত) আব্দুস সোবাহান জানান, ওয়ারেন্টের ভিত্তিতে তিনি সুভাষকে গ্রেফতার করেন। যেহেতু ওয়ারেন্টে কোন আসামির ঠিকানা ছাড়া কর্ম উল্লেখ থাকে না। তাই পুলিশ ব্যাপারটি সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেনি। তিনি আরো জানান, প্রকৃত আসামি স্বর্ণ ব্যবসায়ী সুভাষকে গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।