কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের চার সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে এএসআই সবুজ ও কনস্টেবল সেলিম নামের দুই সদস্য গুরুতর আহত এবং তাদের মাথায় আঘাত রয়েছে বলে জানা গেছে। বুধবার রাত সাড়ে ১২টার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে তাদেরকে ফেরত দেয়া হয়।
পুলিশ ও একাধিক সূত্রে জানা গেছে, বুধবার বিকালে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ভারত সীমান্তবর্তী আশাবাড়ী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে জেলা ডিবি পুলিশের এএসআই আলমগীর, এএসআই সবুজ, কনস্টেবল তাপস ও কনস্টেবল সেলিম অসাবধানতাবশত ভারতে ঢুকে পড়লে বিএসএফ তাদেরকে আটক করে নিয়ে যায়। ঘটনার পর থেকে বিজিবি ও বিএসএফ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়। কুমিল্লা ডিবি’র এসআই শাহ কামাল আকন্দ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে চারজনকে হস্তান্তর করেছে বিএসএফ। এদের মধ্যে এএসআই সবুজ ও কনস্টেবল সেলিমের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।