ফ্রান্সের আল্পস পর্বতমালায় জার্মানউইংসের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটের একজন ককপিট বের হয়ে গিয়েছিলেন। বিমানটির ককপিটে রাখা ভয়েস রেকর্ডার থেকে এ তথ্য মিলেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি।
নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ককপিট ত্যাগ করা পাইলট ভেতরে ঢোকার জন্য কয়েকবার দরজায় আঘাত করেছিলেন। কিন্তু তিনি ভেতরে ঢুকতে পারেননি। তিনি দরজায় কয়েকবার জোরে জোরে আঘাত করলেও ভেতর থেকে কোনো সারা পাননি। ভয়েস রেকর্ডার হতে এসব তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন একজন তদন্তকারী।
ফ্রান্সের আল্পসে মঙ্গলবার বিধ্বস্ত হওয়া জার্মান বিমানের ককপিটের ভয়েস রেকর্ডিং উদ্ধার করা গেছে। তবে দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধানে বৃহস্পতিবারও তদন্ত চলছে।
এদিকে নিহতদের স্বজনরা এরইমধ্যে আল্পসে জড়ো হতে শুরু করেছেন। আজ আরো বহু সংখ্যায় স্বজন সেখানে এসে পৌঁছাবেন।
ফ্রান্সের এভিয়েশন অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশনের পরিচালক রেমি জোটি বলছেন, যারা এখন কাজ করছে তাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্লাইটের ডাটা রেকর্ডারটি খুঁজে বের করা। পাশাপাশি বিধ্বস্ত বিমানের বড় অংশগুলো কোথায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে সেগুলোরও সন্ধান চলছে বলে জানালেন তিনি।
জার্মানির বিমান পরিবহন সংস্থা জার্মানউইংসের এ-৩২০ এয়ারবাসটি ১৫০ আরোহী নিয়ে স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফ শহরে যাওয়ার পথে ফ্রান্সের বার্সালোনেত্তি এলাকায় পাহাড়ে বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে ১২টি দেশের নাগরিক থাকলেও বেশির ভাগ ছিলেন জার্মান ও স্প্যানিশ। এছাড়া অন্তত তিনজন ব্রিটিশ নাগরিক বলে জানিয়েছেন ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ।