বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

 
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। খবর: বাসসের।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, ড. মহীউদ্দীন খান আলমগীর ও অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন এবং প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন ও সতীশ চন্দ্র রায়, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
এছাড়া ডা. দীপুমনি, ড. হাছান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, খালিদ মাহমুদ চৌধুরী, অ্যাডভোকেট আফজাল হোসেন ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
এদিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন সামাাজিক-সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তারর প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
পরে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তার সরকারি বাসভবন গণভবনে একটি স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
বাংলাদেশ ডাকঘর ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐ স্মারক ডাকটিকেট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডাটা কার্ড ইস্যু করেছে।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. আব্দুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী ও বাংলাদেশ ডাকঘরের মহাপরিচালক এ সময় উপস্থিত ছিলেন।