বাংলাদেশ সফরেই নতুন ওয়ানডে অধিনায়ক পেতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, আগামী ২/১ দিনের মধ্যেই বোর্ড কর্তৃপক্ষ নতুন ওয়ানডে অধিনায়ক ও নতুন নির্বাচক কমিটি ঘোষণা করবে।
লাহোরে সাংবাদিকদের খান বলেন, ‘অতীতে আমরা সহ-অধিনায়ক নির্বাচন করিনি, তাই এবার আমরা একজন সহ-অধিনায়কও নির্বাচন করতে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে আমাদের নির্দিষ্ট কোন পছন্দ নেই। তবে মিসবাহ আমার সঙ্গে সাক্ষাৎ করেছে এবং তার মতামত দিয়েছে।’
খান বলেন, আসন্ন বাংলাদেশ সফরের কারণে বোর্ডকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।
তিনি বলেন, ‘যদিও এখনো সফরের আগে আর্থিক ও নিরাপত্তার কিছু বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমাদের ফয়সালা করতে হবে। তথাপি এপ্রিলের তৃতীয় সপ্তাহে এ সফর শুরু হতে পারে। সুতরাং আমাদের হাতে খুব বেশি সময় নেই এবং সামনে এগিয়ে যেতে হবে।’
খান বলেন, পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত পরিকল্পনা করার আগে তিনি সাবেক টেস্ট খেলোয়াড়, বোর্ডের সাবেক প্রধানগণ এবং অন্যান্য অংশী জনের সঙ্গে পরামর্শ করবেন।
আরো কিছুৃ দিন মিসবাহ টেস্ট অধিনায়ক হিসেবে থাকতে পারেন বলে ইঙ্গিত দেন তিনি। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে যাকেই নির্বাচন করা হোক না কেন তাকে বিশেষ কোন সময়ের জন্য করা হবে না।
চলমান বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ক্রাইস্টচার্চে জুয়ার আসরে যাওয়ায় সাবেক টেস্ট অধিনায়ক মঈন খানকে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বোর্ড তার সঙ্গে চুক্তি বাতিল করেছে উল্লেখ করেন খান। তিনি জানান, এখন একজন নতুন প্রধান নির্বাচক এবং নতুন কমিটি গঠন করা হবে।
সূত্র জানিয়েছে, ফাওয়াদ আলম এবং শোয়েব মাকসুদ ওয়ানডে অধিনায়কত্বেও দৌঁড়ে এগিয়ে আছেন। তবে বোর্ডে একটি শক্তিশালী পক্ষ অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে আরো একবার অধিনায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসস