ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ থেকে ৫ শিশু শিক্ষার্থী অপহরণের ৩ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে এ অপহরণের ঘটনা ঘটে।
ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল জানান, দুপুর দেড়টার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে কয়েকজন লোক হাটগোপালপুর হাইস্কুলের খেলার মাঠে আসে। তারা ৩ ছাত্রী ও ৫ ছাত্রকে মাগুরায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে গাড়িতে উঠায়। একটু পরে তারা ৩ ছাত্রীকে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারা গাড়ি নিয়ে মাগুরার দিকে রওনা দেয়। ঘটনাটি স্থানীয় এক ব্যক্তির নজরে আসে। তিনি মোবাইল ফোনে বিষয়টি সহকারী পুলিশ সুপারকে জানান।
খবর পেয়ে সহকারী পুলিশ মাগুরা পুলিশকে খবর দেন। বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসায়। অবস্থা বেগতিক বুঝে অপহরণকারীরা অপহূত ৫ ছাত্র ইমরান, জুয়েল, টিপু, সোহাগ ও সাজেদুলকে মাগুরা সদর উপজেলার মির্জাপুর ব্রীজের পাশে নামিয়ে দিয়ে গ্রামের পথ ধরে চম্পট দেয়।
পুলিশ ছাত্রদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়। পুলিশ সন্দেহ করছে শিশু পাচারকারীরা এই শিশু শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল।