মনজুরকে মেয়রপদপ্রার্থী করার সুপারিশ চট্টগ্রাম বিএনপির

 
 
 
 
কেন্দ্রের কাছে এম মনজুর আলমকে মেয়রপদ প্রার্থী করার সুপারিশ করেছে চট্টগ্রাম বিএনপি। চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের পক্ষ থেকে সিটি করপোরেশন নির্বাচনে মনজুরের মনোনয়ন ঘোষণার একদিন পর বৃহস্পতিবার স্থানীয় বিএনপির নেতারা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেন। দুপুরে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে দুই ঘণ্টা ধরে এ বৈঠক হয়।
কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবের রহমান শামীম ইত্তেফাককে বলেন, ‘বৈঠকে সিটি নির্বাচন পরিচালনার লক্ষ্যে গতবারের মতো এবারও দুটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান নির্বাচনী এজেন্ট করে একটি কমিটি এবং আবদুল্লাহ আল নোমানকে আহ্বায়ক করে নির্বাচন পরিচালনা কমিটি নামে অপর একটি কমিটি গঠিত হয়।’
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেয়র পদপ্রার্থী এম মনজুর আলম, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান ও শামসুল আলম, কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এসএম ফজলুল হক, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল হাসান।
পরে আবদুল্লাহ আল নোমান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত সাংবাদিকদের সাথে বৈঠক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া বিএনপি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তবে এখনো পর্যন্ত দলীয়ভাবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আমরা দলের সিনিয়র নেতারা আলোচনা করে মনজুরকে মেয়র প্রার্থী করার জন্য সুপারিশ করেছি। আশা করি কেন্দ্র থেকে তাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হবে।’
নোমান বলেন, ‘সরকারের উদ্দেশ্য নির্বাচন নয়, সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা ধরে রাখা। কিন্তু চট্টগ্রামে এবার তারা সেটা করতে পারবে না। যদি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখা যায় তাহলে বিএনপির নেতা-কর্মীরা তা প্রতিরোধ করবে। নির্বাচন সুষ্ঠু হলে মনজুর আলম গতবারের চেয়ে আরো বড় ব্যবধানে জয় লাভ করবেন।’
নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো কেন্দ্র থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দলীয়ভাবে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়া হয়েছে। তাই আমরা বৈঠকে বসেছি।’
এম মনজুর আলম সাংবাদিকদের বলেন, ‘গত কয়েক বছরে মানুষের জন্য কাজ করেছি। সুষ্ঠু নির্বাচন হলে আমরাই জয়ী হব।’