দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। নিহত মনিরুল ইসলাম (২২) আখিরা গ্রামের আফির উদ্দিনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার দাউদপুরের লাউগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নবাবগঞ্জ থানার ওসি আমিরুল ইসলাম জানান, লাউগাড়িতে নিজের পান দোকানের সামনে একটি ‘মিষ্টির প্যাকেট’ পড়ে থাকতে দেখে কৌতুহলী হয়ে এগিয়ে যান মনিরুল। প্যাকেট হাতে নিয়ে খুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর আশেপাশে তল্লাশি চালানো হলেও ‘সন্দেহজনক’ কিছু পাওয়া যায়নি।