বিশ্বকাপে বিরাট কোহলির ব্যাটিং ব্যর্থতার জন্য অভিনেত্রী আনুশকা শর্মাকে দায়ী করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবারের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে কোহলির ব্যর্থতার জন্য অনেকে আনুশকাকে দায়ী করেছেন।
পিটিআই’র প্রতিবেদনে বলা হয়েছে, আনুশকাকে এভাবে আক্রমণকারীদের সমালোচনা করে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘এটা তাদের অপরিপক্কতার প্রমাণ দিয়েছে।’
টুইটারে আনুশকাকে আক্রমণের পর গাঙ্গুলি বলেন, ‘মানুষের এমন মানসিকতা দেখাটা অত্যন্ত দু:খের।’
সাবেক অধিনায়ক বলেন, ‘আনুশকা কি অন্যায় করেছেন? অন্য খেলোয়াড়দের পরিবারের মতই তিনিও কেবল একটি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে গিয়েছেন। কোহলির পারফরমেন্সের জন্য তাকে দায়ী করাটা সমীচীন নয়। এটা সমালোচনাকারীদের অপরিপক্কতা।’
গাঙ্গুলি আরো বলেন, ‘দুই জন ব্যক্তি একে অপরকে ভালবাসতে পারে, এর মধ্যে অন্যায় কিছু থাকতে পারে না।’
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের ৯৫ রানে পরাজিত হওয়া ম্যাচে কোহলি মাত্র ১ রান করেন।