পদত্যাগ করে মনোনয়নপত্র নিলেন মেয়র মনজুর

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য শুক্রবার বিকালে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সদ্যবিদায়ী মেয়র এম মনজুর আলম। নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার আবদুল বাতেনের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র কিনেন। এসময় তার সাথে ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম নির্বচন কমিশনে যাওয়ার আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলমের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। তিনি একই সময় মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ মোহাম্মদ হোসেনকে। মোহাম্মদ হোসেন ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব বুঝে নেন। 
এসব কার্যক্রমের আগে সদ্যবিদায়ী মেয়র এম মনজুর আলম হযরত আমানত শাহ (র.) এর মাজার জেয়ারত করেন। সিটি কর্পোরেশনে তিনি পগত্যাগপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী বিধিবিধান অনুসারে পদত্যাগ করে নির্বাচরে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি।’ 
উল্লেখ্য ২০১০ সালে বিএনপি সমর্থিত সর্বস্তরের জনসাধারণের সংগঠন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসাবে এম মনজুর আলম মেয়র নির্বাচিত হয়েছিলেন। ঐ একই সংগঠন গত ২৫ মার্চ এম মনজুর
আলমকে এবারও সংগঠনের মেয়র প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে।  পরেরদিন চট্টগ্রাম বিএনপি তার প্রতি সমর্থন জানায়। 
তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন।