সুন্দরগঞ্জ উপজেলায় খরস্রোতা তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। এ কারণে হাজারও নৌ-শ্রমিক এবং জেলেরা বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছে।
জানা গেছে, উপজেলার তারাপুর, দহবন্দ, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কাপাশিয়া ও শ্রীপুর ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত রাক্ষুসী ভরা তিস্তা নদী এখন মরা খালে পরিণত হয়েছে। তিস্তার বুক জুড়ে জেগে উঠেছে হাজার হাজার একর আবাদি জমি। কিন্তু ভরা নদীতে যে সব নৌ-শ্রমিক নৌকা চালিয়ে এবং জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত সেই নৌ-শ্রমিক ও জেলেরা আজ বেকার হয়ে পড়েছে। নদীতে পানি না থাকায় নৌ-শ্রমিক এবং জেলেরা তাদের উপকরণ নৌকা এবং জাল বিক্রি করে দিয়ে ভিন্ন পেশায় জড়িয়ে পড়েছেন।
হরিপুর ইউনিয়নের নৌ-শ্রমিক বক্কর মিয়া, লাল মিয়া জানান, আজ থেকে ১০ বছর আগে গোটা বছরেই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। হরিপুর ইউপি চেয়ারম্যান মোজাহারুল ইসলাম জানান, ৭টি ইউনিয়নের চরাঞ্চলের কমপক্ষে দেড় হাজার নৌ-শ্রমিক ও জেলে আজ বেকার হয়ে পড়েছে। তিস্তা নদীর নাব্যতা ফিরিয়ে আনলে হয়তো ওই সব শ্রমিক পুনরায় তাদের পেশায় জড়িয়ে পড়তে পারবে।