আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ফ্রান্সের বিপক্ষে জয় পেয়েছে ব্রাজিল। বৃহস্পতিবার ফ্রান্সের ঘরের মাঠ স্তেদিও দি প্যারিসে ৩-১ গোলে জয় পায় দলটি। ব্রাজিলের হয়ে অস্কার, নেইমার ও গুস্তাবো একটি করে গোল করেন।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। ডি বক্সের মধ্যে বল পেয়ে হেড করেছিলেন করিম বেনজেমা। কিন্তু গোললাইন থেকে সেটা ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক জেফারসন।
এরপর এগিয়ে যাওয়ার সুযোগ হারায় ব্রাজিল। ২০তম মিনিটে বাঁ-দিক থেকে কোনাকুনি শট নিয়েছিলেন নেইমার, কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেটা ঠেকিয়ে দেন ফ্রান্সের গোলরক্ষক। পরেই মিনিটেই এগিয়ে যায় ফ্রান্স। মিডফিল্ডার মাথিউ ভালবুয়েনার কর্নারে চমত্কার হেডে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ভারানে।
৪০তম মিনিটে অস্কারের নৈপুণ্যে সমতায় ফেরে ব্রাজিল। হফেনহাইমের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোর সঙ্গে বল দেয়া-নেয়া করে ডি বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়ান চেলসির এই মিডফিল্ডার।
৫০ মিনিটে ডি বক্সের অনেকটা বাইরে থেকে গোলের সুযোগ তৈরি করেছিলেন ব্রাজিল মিডফিল্ডার গুস্তাভো। কিন্তু বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে বল ধরে ফেলেন গোলরক্ষক। ৫৬তম মিনিটে গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি।
পরের মিনিটেই দুর্দান্ত এক গোলে দলকে ম্যাচে এগিয়ে দেন নেইমার। উইলিয়ানের কোনাকুনি পাস ধরে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে পাঠান তিনি।
৬৯তম মিনিটে ব্যবধান ৩-১ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলেন গুস্তাভো। উইলিয়ানের কর্নারে হেড করে গোলটি করেন তিনি।
৭৭তম মিনিটে ফের নেইমার জাদুর দেখা মেলে, পেছনে লেগে থাকা দুই জন ডিফেন্ডারকে গতিতে পরাস্ত করে জোরালো শট নেন তিনি। তিনি সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ৩-১ ব্যবধানে জেতে ব্রাজিল।