ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীকে সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্নে’ ভূষিত করলো ভারত সরকার। গতকাল শুক্রবার রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাজপেয়ীর বাড়িতে গিয়ে তার হাতে এ পদক তুলে দেন। বাজপেয়ীকে ভারতরত্ন পদক দেয়ার সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা। বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও বাজপেয়ীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানান। প্রথম সারির রাজনীতিকরাও তাকে শুভেচ্ছা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাকে শুভেচ্ছা জানিয়েছেন টুইটার বার্তায়। খবর এনডিটিভি’র।
বড় ঘরে জন্ম করেননি ঠিকই তবে মেধা আর অধ্যাবসায়ের জোরেই জাতীয় রাজনীতির প্রথম সারিতে উঠে আসেন বাজপেয়ী। তার দূরদর্শী নেতৃত্বের কারণেই তিনি হয়ে উঠেছিলেন দেশনেতা। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি বিজেপি সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে বাজপেয়ীর সবচেয়ে বড় কৃতিত্ব বিজেপি নেতা হয়েও গোটা দেশের ধর্মনিরপেক্ষতার প্রতীক হয়ে উঠেছেন তিনি।