ছয় জাতি আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অগ্রগতি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় জাতি আলোচনায় অগ্রগতির দাবি করা হয়েছে। একই সঙ্গে আলোচনায় ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে উত্থাপিত হয়েছে বলে গতকাল শুক্রবার রয়টার্সের এক খবরে বলা হয়েছে।

গতকাল সুইজারল্যান্ডের লউসানে ইরানের সঙ্গে ছয়টি প্রভাবশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও চীনের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাথমিক পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চুক্তিতে পৌঁছাতে উভয় পক্ষ ছাড় দেয়ার ওপর জোর দিয়েছে।
শর্ত অনুযায়ী আগামী ৩০ জুনের মধ্যে চুক্তি সম্পন্ন করতে চলতি মার্চের মধ্যে আলোচনা সফল করতে হবে। সেই লক্ষ্যে সুইজারল্যান্ডে সপ্তাহব্যাপী এ আলোচনা শুরু হয়েছে। পশ্চিমাদের দাবি, একটি চূড়ান্ত মীমাংসার জন্য তেহরানকে কমপক্ষে এক দশকের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ রাখতে হবে। এর বদলে ইরানের উপর থেকে অর্থনৈতিক ও তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে তেহরানের পক্ষ থেকে অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে স্বাধীনভাবে পারমাণবিক গবেষণা চালিয়ে যাওয়ার সুযোগ দাবি করা হয়েছে।

আলোচনার পর উভয় পক্ষ জানিয়েছে, চুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে কিছু মতানৈক্য এখনো রয়ে গেছে যে কারণে চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তেহরানের এক কর্মকর্তা বলেন, সব ইস্যুতে অগ্রগতি হয়েছে। তবে আর এন্ড ডি (গবেষণা ও উন্নয়ন) এবং জাতিসংঘের নিষেধাজ্ঞার বিষয়ে বিরোধ রয়ে গেছে।