টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের কার্পেটিং হয়নি

ঠিকাদার ও স্থানীয় প্রকৌশলীর যোগসাজসে বরাদ্দের অর্ধেক টাকা তুলে নিলেও কার্পেটিং কাজ না করে ফেলে রাখা হয়েছে টেকনাফ-শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ সড়কের কার্পেটিং কাজ। সড়কের ইটের খোয়া উঠে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ওই এলাকার ৩০ হাজার মানুষ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে।

স্থানীয় লোকজন জানান, সাব-ঠিকাদার সরকার দলীয় লোক হওয়ায় সড়ক নির্মাণ কাজ শেষ করার আগে সরকারি টাকা তুলে ভাগভাটোয়ারা করা হয়েছে। প্রকৌশলী অফিসের কর্মকর্তারা কাজের প্রতি আন্তরিক হলে এক কিলোমিটার রাস্তা নির্মাণ করতে চার বছর লাগত না।  ইউপি সদস্য আব্দুস সালাম জানান, সড়ক নির্মাণ কাজটি যথাসময়ে শেষ না করে ঠিকাদারের লোকজন পালিয়ে গেছে। ওই সড়কের কারণে মানুষকে কষ্টের মধ্যে চলাচল করতে হচ্ছে। এ সড়কটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান জানান, এ ব্যাপারে উপজেলা মাসিক সভায় একাধিকবার বিষয়টি উত্থাপন করা হলেও এখনো কোনো কাজ হচ্ছে না। উপজেলা (এলজিইডি) প্রকৌশলী নুরুল আফসার জানান, ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ চলাকালীন সময়ে ১৬ লাখ টাকার বিল তুলে নিয়েছে। কিন্তু যথাসময়ে কাজ শেষ  করতে না পারায় কক্সবাজার প্রধান প্রকৌশলী কার্যাদেশ বাতিল করেছেন। বর্তমানে পুনরায় টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে।