মংলায় কন্টেইনার থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার

 
মংলা বন্দরে আসা একটি কন্টেইনার থেকে মুমূর্ষু অবস্থায় আবু তাহের নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বন্দর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শ্রমিকরা বলছেন টানা ৪/৫দিন ধরেই কন্টেইনারে আটকা ছিলো তাহের। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারার বুবুমছড়া এলাকায়। পিতার নাম সাবের। তাহের পেশায় ট্রাক হেলপার বলে জানিয়েছে বন্দরের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা। চট্টগ্রাম বন্দরে কাজ করা অবস্থায় তাহের কন্টেইনারের মধ্যে ঘুমিয়ে পড়ে কিংবা অসতর্কতাবশত আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করছে বন্দরের শ্রমিকরা।
বন্দরের নিরাপত্তা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, ২৫ মার্চ চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা কন্টেইনার ভর্তি জাহাজ এমভি ইলেএস ২৬ মার্চ বিকাল সাড়ে ৪টায় মংলা বন্দর জেটিতে ভিড়ে। ঐ জাহাজে থাকা ৩শ’ কন্টেইনারের মধ্যে বেশ কিছু কন্টেইনার খালাসের পর একটি কন্টেইনারে শব্দ শুনতে পায় জেটিতে কর্মরত শ্রমিকরা। তখন শ্রমিকরা ঐ কন্টেইনার খুলে মুমূর্ষু অবস্থায় তাহেরকে দেখে তাকে দ্রুত বন্দর হাসপাতালে নিয়ে যায়। বন্দর হাসপাতালের কর্তব্যরত ডা. প্রকাশ চন্দ্র মন্ডল বলেন, তাহের প্রথমদিকে একটু কথা বলার চেষ্টা করলেও এখন অচেতন অবস্থায় রয়েছে। তার শরীর ভীষণ দুর্বল, কিন্তু শংকামুক্ত।
ঘটনার পরপর হাসপাতালে পুলিশও ছুটে যায়। মংলা থানার এসআই বিশ্বজিত্ কুমার বলেন, চট্টগ্রাম বন্দরে খালি কন্টেইনারে আটকে পড়ে তাহের। পরে মংলা বন্দরে আসলে কন্টেইনারে শব্দ শুনতে পেয়ে  এখানকার শ্রমিক ও নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে।