নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় শনিবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। খবর: এএফপি ও রয়টার্সের।
প্রেসিডেন্ট নির্বাচনে ১৪ জন প্রার্থী রয়েছেন। তবে প্রতিদ্বন্দ্বিতা মূলত ক্ষমতাসীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথন ও সাবেক সামরিক শাসক ও প্রধান বিরোধীদলীয় নেতা মুহাম্মাদু বুহারির মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।
এই নির্বাচনকে ১৯৯৯ সালে সামরিক শাসন অবসানের পর দেশটির প্রথমবারের মতো সত্যিকার গণতান্ত্রিক নির্বাচন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) ১৯৯৯ সাল থেকে নাইজেরিয়ার রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে। তবে অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি)-কে এবার ব্যাপক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, নির্বাচন চলাকালে ও এরপরে সহিংসতা প্রতিরোধে দুই প্রধান প্রেসিডেন্ট প্রার্থী একটি চুক্তি স্বাক্ষর করেছেন। ২০১১ সালে নির্বাচনের পর সহিংসতায় প্রায় ৮০০ লোক নিহত হয়েছিল।
দেশটিতে গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের জন্য পস্তুতি গ্রহণে নির্বাচন কমিশনকে আরো সময় দিতে এবং উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন বোকো হারামের দখলে থাকা অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে আঞ্চলিক বাহিনীকে সহায়তার জন্য ঐ নির্বাচন পিছিয়ে দেয়া হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শুক্রবার বলেন, নির্বাচনের মাধ্যমে নাইজেরিয়ায় নতুন নেতৃত্ব আসবে এমন প্রত্যাশা করে আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি ব্যাপকভাবে ভোটদানে নাইজেরিয়ার ভোটারদের প্রতি আহ্বানও জানান।