২০১৪ ফিলিস্তিনিদের বিপর্যয়ের বছর

১৯৬৭ সালের যুদ্ধের পর ২০১৪ সাল ছিল ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বিপর্যয়কারী বছর। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার প্রকাশ করা বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আলজাজিরার।

গত বছর ফিলিস্তিনের গাজায় টানা ৫০ দিন হামলা চালায় ইসরাইলি সেনারা। ওই হামলায় প্রায় ২২শ’ ফিলিস্তিনি নিহত ও ১১ হাজারেরও বেশি আহত হয়। এ ছাড়া গৃহহীন হয় ৫ লক্ষাধিক ফিলিস্তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলগুলোতে বসবাসকারী ফিলিস্তিনিরা গত বছর এ যাবত্কালের সবচেয়ে বিপর্যয়কর বছর পার করেছে। তারা জীবন, সার্বভৌমত্ব ও নিরাপত্তার সঙ্কটে ভুগছে।
সংস্থাটির ফিলিস্তিনে অধিকৃত অঞ্চলের সমন্বয়ক জেমস রাওলে বলেন, অধিকৃত অঞ্চলগুলোতে সৃষ্ট সংঘর্ষ ফিলিস্তিনিদের স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে। সেখানে আন্তর্জাতিক সংস্থাগুলোকেও প্রয়োজনীয় সহায়তা সরবরাহ করতে দেয়া হয়নি।
গত বছর শুধু গাজা উপত্যকায়ই নয়, পশ্চিম তীরেও নিহতের সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে সেখানে ৫৮ ফিলিস্তিনি নিহত হয়। যা ২০০৭ সালের যুদ্ধের পর শহরটিতে সর্বোচ্চ নিহতের সংখ্যা।