সংশয়হীন ফিঞ্চ

 
বিশ্বকাপের মাঝে বাজে সময় কাটলেও দলে জায়গা পাওয়া নিয়ে কোনো শঙ্কা ছিল না অ্যারন ফিঞ্চের। ভারতের বিপক্ষে সেমিফাইনালে রান পাওয়ায় আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে খেলতে পারবেন বলেও মনে করেন অস্ট্রেলিয়ার এই উদ্বোধনী ব্যাটসম্যান।
গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিশ্বকাপের শুরুটা দারুণ হয়েছিল ফিঞ্চের। এরপর পাঁচ ম্যাচে মাত্র ৫৪ রান পান তিনি।
ফিঞ্চ অবশ্য গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেমিফাইনালে রান খরা কাটান। দলের ৯৫ রানের জয়ে তিনি ৮১ রান করেন। স্টিভেন স্মিথের সঙ্গে দ্বিতীয় উইকেটে ম্যাচ জেতানো ১৮২ রানের পার্টনারশিপও গড়েন তিনি। সাতটি চার ও এক ছয়ের মারে ১১৬ বলের ইনিংসটি একটু ধীরগতির হওয়ায় তাতে সন্তুষ্ট নন ফিঞ্চ।
এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা আমার সেরা ইনিংস ছিল না। অন্য পাশে স্টিভ স্মিথকে পাওয়ায় আমি ভাগ্যবান ছিলাম।’
সিডনির এই জয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলার টিকিট পায় অস্ট্রেলিয়া। এই জয়ে অবদান রেখে নিজেদের মাঠে ফাইনাল খেলা নিশ্চিত করে রাখেন ফিঞ্চও।
ভারতের বিপক্ষে অবশ্য নাও খেলা হতে পারত অস্ট্রেলিয়ার এই ওপেনারের। কিন্তু ফিঞ্চের মনে দলে থাকা নিয়ে কখনো সংশয় জাগেনি, ‘বল খারাপ মারছিলাম বলে মনে হয়নি আমার। গত কয়েক সপ্তাহ ধরে নেটে আমি বল ভালোই মারছিলাম, তাই ফর্ম নিয়ে বাড়তি চিন্তা করিনি আমি।”
অধিনায়ক মাইকেল ক্লার্ক অবশ্য ফিঞ্চের সিডনির ইনিংসটি নিয়ে খুশি। তিনি বলেন, ‘মাঠ ছাড়ার সময় ব্যাট করা নিয়ে সে কিছুটা হতাশ ছিল বলে আমার মনে হয়েছে। কিন্তু আমি মনে করি, সে দারুণ একটা কাজ করেছে।’ -বিডিনিউজ