ফাইনালে ভেট্টরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ধোনি

 
বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরিকে মুখ্য খেলোয়াড় হিসেবে চিহ্নিত করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার মতে, বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের অভিজ্ঞ স্পিনার ড্যানিয়েল ভেট্টরির পারফরমেন্স মুখ্য ভূমিকা রাখবে। ভেট্টরির ভূমিকা হয়ে উঠতে পারে নিউজিল্যান্ডের আশার মূর্তপ্রতীক।
এ ব্যাপারে বৃহস্পতিবার ধোনি বলেন, যে দলে বিশেষজ্ঞ স্পিনার থাকবে তারাই বিশ্বকাপ জিততে পারে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের দুই যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গত মঙ্গলবার অকল্যান্ডে অনুষ্ঠিত সেমিফাইনালের উত্তেজনাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ ফাইনালের টিকেট পায় নিউজিল্যান্ড। ধোনি বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ডের বাঁ-হাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরির পারফরমেন্স হবে গুরুত্বপূর্ণ।’
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ৯৫ রানে হারিয়ে ফাইনালের টিকেট পায় অস্ট্রেলিয়া। অসাধারণ ফর্মই অস্ট্রেলিয়াকে ফাইনালের টিকেট দিলেও দলটির একমাত্র দুর্বলতা হিসেবে মানসম্পন্ন স্পিনারের অভাবকে চিহ্নিত করেছেন ধোনি। যা প্রতিপক্ষের জন্য একটা সুযোগ হিসেবে চিহ্নিত করেন তিনি।
তবে পুরোপুরি ফিট নন ভেট্টরি। পিঠের সমস্যা এবং হাতের আঙ্গুল ভেঙে যাওয়ায় বারবার তাকে খেলার মাঠের বাইরে থাকতে হচ্ছে। ৩৬ বছর বয়সী ভেট্টরি নিজের ক্যারিয়ারের সেরা সময় অতিবাহিত করে এসেছেন। তবে বিশ্বকাপ শিরোপা জয় করে নিজের মতো করেই তার বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে চাইবেন। ধোনি বলেন, ‘তিনি এমন এমন একজন খেলোয়াড় যিনি মিডল ওভারে উইকেট নিতে সত্যিকারভাবেই সিদ্ধহস্ত এবং আপনি সহজেই তার কাছ থেকে রান নিতে পারবেন না। অতএব তিনি হবেন মুখ্য বিষয়।’ টুর্নামেন্টে এ পর্যন্ত আট ম্যাচে ১৫ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এ অর্থডক্স স্পিনার। ২৯৪ ওয়ানডে ম্যাচে ভেট্টরির শিকার ৩০৫ উইকেট।