বিশ্বকাপে পাকিস্তান দলের বেশ ক’জন খেলোয়াড়ের আচরণের সমালোচনা করে দেশটির ক্রিকেট বোর্ড পিসিবিতে প্রতিবেদন জমা দিয়েছেন কোচ ওয়াকার ইউনুস। কঠোর বাক্যে লেখা এই রিপোর্টে পাকিস্তান দলের কোচ আহমেদ শেহজাদ, উমর আকমল এবং মোহাম্মদ হাফিজের ব্যবহারের কথা উল্লেখ করেছেন।
ডন টিভি জানিয়েছে, প্রতিবেদনে ওয়াকার অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নেয়ার পর টেস্ট ক্রিকেটের দক্ষ ব্যাটসম্যান আজহার আলীকে ওয়ানডে দলের নতুন অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন। যদিও কোচের এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য পিসিবির কোনো কর্মকর্তার তাত্ক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানায় ডন।
কোয়ার্টার ফাইনালেই পাকিস্তানের বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলে সরাসরি সিডনিতে চলে যান ওয়াকার, ওখানে পরিবারের সঙ্গে কিছু দিন কাটাবেন তিনি। সাবেক টেস্ট অধিনায়ক ওয়াকার প্রতিবেদনে এ ব্যাপারে শেহজাদ, ওমর এবং হাফিজের সঙ্গে কথা বলতে পিসিবিকে পরামর্শ দিয়েছেন।
হাফিজ পাকিস্তানের বিশ্বকাপ দলের সদস্য হলেও ফেব্রুয়ারির শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দুই ম্যাচের সিরিজে চোটাক্রান্ত হলে দেশে ফিরে আসতে হয়। দেশে ফিরে হাফিজ জানান, তার ইনজুরি খুব জটিল কিছু ছিল না এবং বিশ্বকাপের এক বা দুটি ম্যাচ মিস করলেও সুস্থ হয়ে যেতেন বলে দাবি করেন তিনি।
কোচ ওয়াকার জাতীয় দলকে আরো শক্তিশালী করার পরামর্শে জানান, খেলোয়াড়দের মান বাড়াতে হলে বোর্ডের উচিত ঘরোয়া ক্রিকেটের শীর্ষ টুর্নামেন্টগুলোকে ১০ দলে সীমাবদ্ধ রাখা। ওয়াকারের বিস্ময়কর সুপারিশটা হলো আজহারকে একদিনের ক্রিকেটে অধিনায়ক করার প্রস্তাবটি।