চকরিয়ায় বাসের ধাক্কায় দুই যুবক নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী চেয়ারকোচের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অপর একটি টমটম বাইক গাড়ির তিন যাত্রী। আহতদেরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
শনিবার দুপুর দেড়টার দিকে চিরিঙ্গা-বদরখালী-মহেশখালী সড়কে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন এলাকায় ঘটেছে এ মর্মান্তিক দুর্ঘটনা। 
থানা পুলিশ ও প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, চট্রগ্রাম থেকে যাত্রী নিয়ে শাহ আমিন পরিবহনের একটি চেয়ারকোচ (চট্রমেট্রো-জ- ১১-৩৯৫১) মহেশখালী যাচ্ছিল। দুপুরে মাইজঘোনা স্টেশন অতিক্রমকালে চালক দ্রুত গতিতে গাড়িটি চালাতে গিয়ে সামনের বাই-সাইকেল আরোহী দুই কিশোরকে ধাক্কা দেয়। এ সময় সড়কে সিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের। 
নিহতরা হলেন- উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মৃত মোহাম্মদ কালুর ছেলে মনছুর আলম (২২) ও একই এলাকার দলিলুর রহমানের ছেলে ওবাইদুল ইসলাম ছোটন (১৮)। 
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেল আরোহী দুই যুবককে ধাক্কা দেয়ার পর বাসটি সামনের অপর একটি টমটম বাইক গাড়িকে ধাক্কা দেয়। এতে ওই গাড়ির চালক নুরুল কবির ও যাত্রী অহিদুর রহমান এবং হামিদুর রহমান আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে হামিদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাস্থল থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়েছে। আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তানান্তর করা হয়েছে। 
তিনি বলেন, বাসটি আটক করা হয়েছে।