কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে দলছুট একটি বন্যহাতির আক্রমণে দেলোয়ার হোসেন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। ওইসময় গুরুতর আহত হয়েছে আয়েশা বেগম (৫) নামের অপর এক শিশু। আশঙ্কাজনক অবস্থায় ওই শিশুকে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পাহাড়ি জনপদ মুকিয়াঘোনার কালাচাঁন্দের বাপের পাড়া এলাকায় ঘটেছে এ ঘটনা। নিহত শিশু দেলোয়ার ওই এলাকার মোহাম্মদ ইউছুপের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর বলেন, ঘটনাস্থলের এলাকাটি পাহাড়ি জনপদ। এখানে প্রতিনিয়ত হানা দেয় বন্যহাতির পাল। বসবাসকারি লোকজন বেশিরভাগ ক্ষেত্রে দিনমুজুর ও দরিদ্র শ্রেনীর।
তিনি বলেন, দুপুরে বাড়ির উঠানে খেলা করার সময় একটি দলছুট বন্যহাতি এসে পেছন থেকে আক্রমণ করে শিশুটিকে। ওইসময় পায়ের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু দেলোয়ার।
ইউপি চেয়ারম্যান বলেন, কিছুদুর গিয়ে ওই হাতিটি ফের আক্রমণ করে স্থানীয় আবদুল মালেকের মেয়ে আয়েশা বেগমকে।
স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে চকরিয়ার জমজম হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে চমেক পাঠানো হয়।এলাকাবাসী জানায়, শিশুদের ওপর আক্রমণ চালানোর আগে ওই হাতিটি এলাকার বিপুল পরিমাণ ধান ক্ষেত নষ্ট করে দেন। স্থানীয় কৃষক জসিম উদ্দিন জানান, হাতিটি তার দেড় কানি জমির ধান ক্ষেত ও একটি পাওয়ার টিলার গুঁড়িয়ে নষ্ট করে দিয়েছে।